Wednesday, October 16, 2019

বীমা খাতে আস্থার সংকট: দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরী

মুহাম্মদ আবুল হুসাইন:


পৃথিবীর প্রায় সব দেশেই জীবন বীমাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়।বিশেষ করে উন্নত বিশ্বে বীমা শিল্পের ব্যাপক বিকাশ ঘটলেও আমাদের দেশে অনেক পিছিয়ে রয়েছে।আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব, অর্থনৈতিক উন্নয়ন ও পারিপার্শ্বিকতার বিচারে বীমা শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও আশানুরূপ উন্নতি লাভ করতে পারেনি।এর মূল কারণ বীমা শিল্প-সম্পর্কে বদ্ধমূল নেতিবাচক ধারণা বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা এবং আস্থার সংকট।

বীমা হলো গ্রাহক ও বীমা কোম্পানির মধ্যকার ‘‘বীমা চুক্তি’’ যা 'বীমাকারীর কাছ থেকে বীমাদাতাকে আর্থিক ঝুঁকি হস্তান্তরের নীতিতে কাজ করে। বীমাকৃত হিসেবে, আপনি অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে, বীমাকারীর (কোম্পানির) কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রিমিয়াম প্রদান করেন। সুতরাং, বীমা থাকা আপনার কাঁধের উপর আর্থিক বোঝা হ্রাস করে।

আরো সহজভাবে বললে বলা যায়, বীমা হল অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর। এর মাধ্যমে বীমা প্রতিষ্ঠান অর্থের (প্রিমিয়ামের) বিনিময়ে গ্রাহকের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ।

বীমা কোম্পানিগুলোকে প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমাকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান সব ধরনের সম্ভাব্য ক্ষতির হাত থেকে মুক্ত থাকে এবং অসংখ্য বীমাকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করে বীমা কোম্পানিগুলো মূলধন বৃদ্ধি করে।বীমা প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির ধরন এবং ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে কিছু মূলনীতি মেনে চলতে হয়।

ভারতসহ পূর্ব এশিয়ার কিছু দেশে সার্বিক আর্থিক খাত বিশেষ করে আর্থিক অন্তর্ভুক্তির পরিসর বাড়াতে বীমা খাত তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখছে।উন্নত বিশ্বে তো বীমা খাত বিরাট ভূমিকা পালন করছে।তবে তাদের তুলনায় আমাদের বীমা খাত এখনো অনেক পিছিয়ে আছে।বৈশ্বিক না হোক, আঞ্চলিক পর্যায়ে উন্নীত করতে হলেও বাংলাদেশের বীমা শিল্পে আমাদের অনেক সংস্কার করতে হবে।

কিন্তু মুষ্টিমেয় কিছু বীমা কোম্পানির অনিয়ম, দুর্নীতি আর পলিসির মেয়াদ শেষ হলেও গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ না করায় দেশের বীমা শিল্পে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে পুরো বীমা শিল্পকে।কারণ আস্থা সংকটের কারণে গ্রাহকরা বীমা করতে চাচ্ছে না।ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশের বীমা শিল্পের বিকাশের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও কয়েকটি বীমা প্রতিষ্ঠানের দাবি পরিশোধের হার অত্যন্ত কম হওয়ায় এ খাতে আস্থার সংকট রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে বীমা গ্রহীতা অধিক সংখ্যায় লিখিত অভিযোগ দাখিল করছেন এবং মৌখিকভাবে কর্তৃপক্ষের কর্মকর্তাদের অবহিত করছেন। এ অভিযোগসমূহ নিষ্পত্তিতে বীমাকারী দীর্ঘসূত্রতার আশ্রয় নিচ্ছে এবং জবাবদিহির অভাব পরিলক্ষিত হচ্ছে।

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, গ্রাহকের টাকা পরিশোধ করছে না, এ ধরনের কোম্পানির সংখ্যা বেশি নয়।তবে কয়েকটি কোম্পানি এ খাতের ভাবমূর্তি নষ্ট করছে।এ খাতের আস্থা অর্জনের জন্য সবার আগে গ্রাহকের টাকা পরিশোধ করতে হবে।

আইডিআরএর সদস্য গোকুল চাঁদ দাস বলেন, মোট জীবন বীমার প্রায় ৮০ ভাগ দাবি সময়মতো নিষ্পত্তি হয়।কিন্তু কিছু কোম্পানি রয়েছে তাদের পলিসির বড় অংশ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।যে কারণে পুরো খাতে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। আইডিআরএ চাচ্ছে এসব কোম্পানির দাবিগুলো দ্রুত নিষ্পন্ন করতে।

কোম্পানিগুলোর বিরুদ্ধে উত্থাপিত অনিষ্পন্ন দাবি প্রাথমিকভাবে নিষ্পত্তির উদ্দেশ্যে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কয়েকজন নির্বাহী পরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্বও দেয়া হয়েছে।

জানা গেছে, আইডিআরএ’র কাছে কয়েক হাজার অভিযোগ জমা পেড়েছে। জমানো টাকা ফিরে পেতে প্রতিদিনই গ্রাহকরা আইডিআরএ অফিসে ভিড় করছেন। পলিসির মেয়াদ শেষ হলেও বছরের পর বছর বীমা কোম্পানিগুলো গ্রাহকের টাকা পরিশোধ করছে না।

সর্বশেষ হিসাবে বীমা কোম্পানিগুলোর কাছে অনিষ্পন্ন দাবির পরিমাণ ৫৭২ কোটি টাকা। জীবন বীমা কোম্পানিগুলোর আর্থিক দক্ষতা নিয়ে আইডিআরএর সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে এসব পলিসির বিপরীতে সুদসহ হিসাব করলে তা কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। 

আইডিআরএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মেটলাইফের অনিষ্পন্ন দাবির পরিমাণ ৫৮ কোটি ৬০ লাখ টাকা।প্রগেসিভ লাইফের ৪০ কোটি ৯৪ লাখ ও পদ্মা ইসলামী লাইফের ২৮ কোটি ৭৮ লাখ টাকার দাবি অনিষ্পন্ন রয়েছে।  সানলাইফের ১৯ কোটি ৬৬ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এছাড়া গোল্ডেন লাইফের ৬৭ কোটি, বায়রা লাইফের ১৭ কোটি ৪৯ লাখ টাকার, ন্যাশনাল লাইফের ৯৭ কোটি ৪২ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি জীবন বীমা কর্পোরেশনের অনিষ্পন্ন দাবির পরিমাণ ১৮৩ কোটি ৮৯ লাখ টাকা। মেঘনা লাইফের ১৭ কোটি ৯৩ লাখ, সন্ধানী লাইফের ১৪ কোটি ৯৬ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে।

বিদেশি মালিকানার বীমা কোম্পানি মেটলাইফের অধীনেই দেশের জীবন বীমার ২৩ শতাংশ হয়েছে।প্রগেসিভ লাইফ ও পদ্মা ইসলামী লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত, সর্বশেষ বছরে এই দুই কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ডও দেয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির মালিকরা অনেক প্রভাবশালী। ফলে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া যাচ্ছে না।কিন্তু অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার কারণে সামগ্রীকভাবে বীমা খাতে যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে তার নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে ভাল কোম্পানিগুলোও।পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, বীমার নাম শুনলেই সাধারণ মানুষ বিরূপ মন্তব্য করে থাকে।এই নেতিবাচক পরিস্থিতির কারণে এই খাতে যোগ্য বীমাকর্মীরও সংকট দেখা দিয়েছে।কারণ, সাধারণ মানুষের মধ্যে আস্থা সংকট বিদ্যমান থাকায় বীমা কর্মীর বিরূপ পরিস্থিতির সম্মুখীন হন।ফলে সহজে কেউ বীমা কর্মী হতে চান না।

এ প্রসঙ্গে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) বিনীত আগরওয়াল বলেন, জীবন বীমার গ্রাহকরা সঠিকভাবে দাবির টাকা না পাওয়ায় এই খাতে একধরনের ইমেজ সঙ্কট সৃষ্টি হয়েছে। এ কারণে প্রয়োজনীয় এজেন্ট পাওয়া যাচ্ছে না। নতুন এজেন্ট না আসায় নতুন ব্যবসাও আসছে না। ইমেজ সঙ্কট কাটানো গেলে অবশ্যই বীমা খাতের আওতা বাড়বে। 

তিনি বলেন, বাংলাদেশে বীমা কোম্পানিগুলো বছরে যে প্রিমিয়াম সংগ্রহ করে তার ৭৩.৫ শতাংশই জীবন বীমা কোম্পানির। বাকি ২৬.৫ শতাংশ সাধারণ বীমা কোম্পানির। সুতরাং বীমা ব্যবসার সিংহভাগই জীবন বীমা কোম্পানির দখলে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে জিডিপিতে বীমা খাতের অবদান সব থেকে কম বাংলাদেশে। অথচ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব থেকে বেশি বেড়েছে। ২০০৯ সালে দেশের জিডিপিতে বীমা খাতের অবদান ছিল ১ শতাংশের বেশি। বর্তমানে তা কমে ০.৫৫ শতাংশে দাঁড়িয়েছে। এক প্রশ্নের জবাবে আগরওয়াল বলেন, আমরা প্রতি বছর ৫০০ কোটি টাকার ওপরে দাবি পরিশোধের পরও নিয়মিত আমাদের লাইফ ফান্ড বাড়ছে। কারণ, ডেল্টা লাইফ আইডিআরএ সব নিয়মনীতি মেনে ব্যবসা করে।

আইডিআরএর সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য রয়েছে। তাতে দেশের জীবন বীমা কোম্পানিগুলোর অনিষ্পন্ন দাবিতে ৫৭২ কোটি ৫৪ লাখ টাকা আটকে আছে। ২ লাখ ৭১ হাজার ২৪০টি পলিসির দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে মৃত্যু দাবি, মেয়াদোত্তীর্ণ দাবি, সারেন্ডার বা মেয়াদ পুর্তির আগে বীমা ভেঙে ফেলা, সার্ভাইবেল বেনিফিট এবং গোষ্ঠী ও স্বাস্থ্য বীমার দাবি রয়েছে। এছাড়া সেপ্টেম্বর শেষে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৩টি পলিসি তামাদি অবস্থায় রয়েছে। এসব পলিসির গ্রাহকদের মধ্যে যাদের নিয়ম অনুযায়ী অর্থ ফেরত পাওয়ার কথা, তাদের অনেকেই অর্থ পাচ্ছেন না।

বীমা শিল্পের বিদ্যমান সমস্যা সম্পর্কে বলতে গিয়ে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী মনে করেন, 'বীমা খাতের প্রধান সমস্যা ভাবমূর্তি সংকট। অনেকেই এখনও এ খাতকে আস্থায় নিতে পারেনি।'

জীবন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন একচুয়ারি বলেন, 'অনেকে মনে করেন বীমা কোম্পানিতে টাকা রাখলে আর ফেরত পাওয়া যাবে না। এই অনাস্থা দূর করতে হবে।' 

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, যে দেশের বীমা খাত যত শক্তিশালী, সে দেশের অর্থনীতি তত শক্তিশালী। সমস্যা দূর করে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে। 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম আস্থা সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, এরফলে সামগ্রিকভাবে বীমা শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তিনি বলেন, বিষয়টি উপলব্ধি করে বীমা কোম্পানি এবং নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।সরকারকে কঠোর হতে হবে। বিশেষ করে কোনোভাবেই অপরাধীদের ছাড় দেয়া যাবে না।

সরকারসহ সংশ্লিষ্টরা স্বীকার করছে, বীমা খাত বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ সব পদক্ষেপ বাস্তবায়িত হলে অনেক অগ্রসর হবে। এতে জিডিপিতে বীমা খাতের অবদান বাড়বে।

এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আইডিআরএ এক কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আমরা অভিযুক্ত প্রতিটি কোম্পানির সঙ্গে আলাদাভাবে বৈঠক করে কঠোর বার্তা দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে বাধ্য হয়েই কঠোর পদক্ষেপ নিতে হবে।

আমরাও আশা করি কর্তৃপক্ষ বীমা খাতে বিদ্যমান আস্থার সংকট কাটাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে গুটিকয়েক কোম্পানির কারণে গোটা বীমা শিল্পের অগ্রগতি ব্যাহত না হয়।

No comments:

Post a Comment